টানা ৯ ম্যাচ জয়হীন বাংলাদেশ, পেছনের কারণ জানালেন কোচ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটে জয় এনেছিল বাংলাদেশ। পরের গল্পটা তিক্ত টাইগারদের। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে টানা ৯ ম্যাচে কোন জয় নেই। ৬ হার, এক ড্র এবং একটি ম্যাচ পরিত্যক্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানালেন, সমস্যা মূলত কোথায়।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা।
দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘ডারউইনের পর থেকে আমরা জিতিনি এবং বিশেষভাবে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। সেখানে ব্যাটিং করার মতো দৃঢ় সংকল্প থাকলে আমরা যে কতটা সক্ষম তা দেখিয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমরা যেসব ফরম্যাটে খেলেছি, সেখানে ভালো ব্যাট করতে পারিনি।’
‘আমার মনে হয় না সেটা (ডারউইন টেস্ট জয়) ফিরিয়ে আনা কঠিন। একটা কথা বলতে পারি, ছেলেরা ঠিক একই তীব্রতা এবং একই পরিশ্রম দিয়ে কাজ করছে, যেভাবে আমরা ডারউইন বা পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন করেছিলাম। কিন্তু ম্যাচে গিয়ে সেটার সঠিক বাস্তবায়ন হচ্ছে না। আমাদের শুধু নিশ্চিত করতে হবে যেন আমরা আবারও সেই পর্যায়ে পৌঁছাই, যেখানে মাঠের বাইরে শুধু পরিশ্রম করাই নয়, ম্যাচের মধ্যেও সেটা কার্যকর করা যায়।’






