পলাশবাড়ীতে ৪ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া এবং জোর করে টাকা হাতে দিয়ে ভিডিও ধারণের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা সাংবাদিকরা। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বালুর স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক্টর জব্দ করে প্রশাসন।
অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে আমবাড়ী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন। তাদের একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ১০ থেকে ১৫ জনের একটি দল মারধর করে। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। একপর্যায়ে জোর করে তাদের হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয়, বলেছেন অভিযোগকারীরা।
মারধরের শিকার সাংবাদিকরা হলেন- দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার।
আহত সাংবাদিকরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছেন। পরে অভিযানে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেয়া হয়েছে।






