স্ত্রীকে পুড়িয়ে মারলো পাষণ্ড স্বামী

Black and white photo of a woman wearing a headscarf on an official document from Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামী জলিলের (৩২) বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জলিলের সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিলো। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি বেশ কয়েকদিন আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে গতকাল দিবাগত গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। এসময় বিষয়টি ইতির বাবা দেখে ফেলে। ইতির ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
দুমকি থানার ওসি আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






