মাসুদ পারভেজ
গাজীপুর সদর মেট্রো থানাধীন হলিল্যাব মেডিকেল সার্ভিসেস লিমিটেড হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে গেছে কর্তৃপক্ষ।
মৃত রোগী রাঙ্গামাটি সদরের আমির হামজার স্ত্রী আছিয়া খাতুন। তারা স্বামী-স্ত্রী গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার স্বামী কাঁচামালের ব্যবসায়ী।
আছিয়া খাতুনের স্বামী আমির হামজা জানান, গত কয়েকদিন হল আমার স্ত্রী টনসিলের সমস্যায় ভুগছিলেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার পর অপারেশন করার কথা ছিল। আসার সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে হাসপাতাল থেকে বলা হলো ওষুধ গুলো নিয়ে আসেন। এরপর আমি ওষুধ নিয়ে এলাম। ওই সময়ে আমার স্ত্রী কথা বলছিলেন আমার সঙ্গে।
ওষুধ আনার সঙ্গে সঙ্গে দুজন নার্স আমার সামনেই ইনজেকশন পুশ করলেন। ইনজেকশন দেয়ার সাথে সাথে আমার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করলো। এরপরেই ২ মিনিটের মধ্যে মারা গেলো সে। এটা দেখে ওই দুই নার্সসহ সবাই পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, আমার স্ত্রী গলার টনসিল ছাড়া অন্য কোন সমস্যা ছিল না। তাদের ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। আমি তাদের বিচার চাই।
এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







