গত মাসে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পর আবার নির্বাচন শুরু হয়েছে কুয়েতে। গত ১০ বছরে এই নিয়ে সপ্তম বারের মত পার্লামেন্ট নির্বাচন হচ্ছে দেশটিতে। মূলত রাষ্ট্রপ্রধান বা আমিরের সাথে দ্বন্দ্বের জেরেই বার বার ভেঙে যাচ্ছে জ্বালানি তেলসমৃদ্ধ এই দেশটির আইনসভা।
মঙ্গলবার ৬ জুন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে। রাত ৮টায় শেষ হবে ভোট গ্রহণ। নির্বাচনের কারণে দেশটিতে সকল ধরনের অফিস আদালত এবং স্কুল কলেজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা যায়, কুয়েত জাতীয় সংসদের পাঁচটি সংসদীয় এলাকায় মোট ৫০ জন এমপি নির্বাচিত হবেন। প্রতিটি আসনে ১০ জন করে এমপি নির্বাচিত হবেন।
দেশটির স্থনীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কম। ১৩ জন নারীসহ মোট ২০৭ জন প্রার্থী যোগ্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির মোট ভোটার রয়েছে সাত লাখ ৯৩ হাজার ৬৪৬ জন। নারী ভোটার চার লাখ ছয় হাজার ৮৯৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা তিন লাখ ৮৬ হাজার ৭৫১ জন।
চার বছরের জন্য কুয়েত সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আমির শাসক পরিবারের সদস্যরা দেশটির পার্লামেন্ট নিয়ন্ত্রণ করেন।







