বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে সম্প্রতি আম আদমি পার্টির পরিচিত নেতা তথা সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেছে। একবার নয়, দুইবার দেখা গেছে তাদের। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে গেছে। এই জুটি বিষয়টি নিয়ে মুখ না খুললেও তাদের কাছের এক সূত্র জানিয়েছে, পরিণীতি ও রাঘব প্রেম করছেন।
গত বুধবার ডিনার ডেটে দুজনকেই সাদা পোশাকে দেখা গেছে। পরের দিন একই গাড়িতে করে দুপুরের খাবার খেতে গিয়েছেন দুজনে। লন্ডনে একসঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব আগে থেকেই ছিল। তবে এতদিন তাদের মধ্যে এমন ঘনিষ্ঠতা দেখা যায়নি।
টাইমস অব ইন্ডিয়াকে রাঘব ও পরিণীতির কাছের সেই সূত্র জানিয়েছে, আগে থেকে চেনা-জানা থাকার সুবাদে দুইজনের পরিবারই তাদের বিয়ের কথা ভাবছে। সূত্র আরও জানিয়েছে, শিগগির পরিবারের পক্ষ থেকে রোকা অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। রাঘব ও পরিণীতির ব্যস্ততার জন্যই দিনক্ষণ ঠিক করতে দেরী হচ্ছে।
রাঘব দিল্লি থেকে ফেরার পর সাংবাদিকরা পরিণীতি চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে রসিকতা করে রাঘব বলেন, ‘আপনারা রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’ এই ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
পরিণীতিকে এরপর দেখা যাবে ইমতিয়াজ আলির ‘চামকিলা’ ছবিতে। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন দিলজিত দোসান্ত।
সূত্র: পিঙ্কভিলা







