দিলজিৎ দোসাঞ্জ মানেই তথাকথিত নিয়মের বাইরে অন্য কিছু ভাবনা। তার মাধ্যমেই দর্শক থেকে শুরু করে নেটপাড়ার হৃদয় জিতে নেওয়া। সদ্য শেষ হওয়া লন্ডনে তার কনসার্টেও এ ব্যাপারের ব্যতিক্রম হল না।
লন্ডনের ‘ও টু’ স্টেডিয়ামে চলছিল দিলজিতের কনসার্ট। যেখানে দর্শকাসনের একদম প্রথম সারিতে ছিলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। যিনি দিলজিতের গানের ভীষণ অনুরাগী। পাকিস্তানি সেই অভিনেত্রীকে মঞ্চ থেকে দেখামাত্রই তাকে ডেকে নেন দিলজিৎ। প্রথমে ‘না না’ করলেও পাঞ্জাবি গায়কের মিষ্টি করে জোরাজুরিতে মঞ্চে উঠে আসেন হানিয়া।
ভারত-পাকিস্তানের এই দুই শিল্পীকে মঞ্চে পাশাপাশি দেখামাত্রই স্টেডিয়াম জুড়ে শুরু হয় করতালি। এরপর পাকিস্তানি সুন্দরীর উদ্দেশ্যে নিজের জনপ্রিয় গান ‘লাভার’ গেয়ে ওঠেন দিলজিৎ। লজ্জায়, আনন্দে লাল হয়ে ওঠেন অভিনেত্রী। অন্যদিকে দর্শকের মধ্যে বেড়ে চলে হাততালির বহর।
হানিয়াকে আলতো করে জড়িয়ে গান চলতে থাকে দিলজিতের। সুরের তালে মাথা ঝাঁকাতে থাকেন অভিনেত্রী। শেষমেশ গান শেষ করে তার দিকে মাইক এগিয়ে দেন গায়ক-অভিনেতা। দিলজিৎ ও দর্শকের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে হানিয়া আমির জানান, তাকে মঞ্চে ওঠার সুযোগ দেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এরপর সেই মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে-এর স্টোরিতে শেয়ার করে হানিয়া ক্যাপশন জুড়েছেন ‘ম্যাজিক’। অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়েছে সমাজের আনাচে-কানাচে। বলাই বাহুল্য, পাকিস্তানের শিল্পীর প্রতি দিলজিতের এমন উদারতা ও সম্মান নিমেষে মন জিতে নিয়েছে নেটপাড়ার।- বলিউড লাইফ








