২৭তম লাতিন গ্র্যামিতে পারফর্ম করবেন দিলজিৎ

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আরও একবার নিজের অবস্থান তুলে ধরতে যাচ্ছেন পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এবার ২৭তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে পারফর্ম করবেন তিনি।
৫ নভেম্বর নতুন করে ১৪ জন শিল্পীর নাম ঘোষণা করেছে লাতিন রেকর্ডিং একাডেমি। তাদের তালিকায় রয়েছেন দিলজিৎ।
আগামী ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস। এটি আয়োজনটির ২৭তম আসর।
স্প্যানিশ ও পর্তুগিজ ভাষার সংগীতকে সম্মান জানাতে প্রতিবছর এ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আসরে দিলজিতের অংশগ্রহণ আন্তর্জাতিক সংগীতাঙ্গনে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন।
দিলজিৎ দোসাঞ্জ ছাড়াও নতুন ঘোষিত পারফর্মারদের তালিকায় রয়েছেন কারোল জি, জে হুইলার, ব্যাড গিয়াল, বিজারাপ, ডিজে প্রিমিয়ার, গ্রুপো নিচে, লুইস এনরিকে, নাথি পেলুসো, বেবি র্যাঙ্কস, মিগুয়েল কোলন, ডিভিনো, লিল সুপা এবং অ্যাঞ্জেল ‘কুকো’ পেনা।
এর আগে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে রয়েছেন ড্যাডি ইয়াঙ্কি, ফেইদ, জুয়ানেস, রোসালিয়া, আনিতা, কারিন লিওন, ফনসেকা, জোর্জ ড্রেক্সলার, গ্রুপো ফ্রন্তেরা, মোন লাফের্তে, রেইক ও কানি গার্সিয়া।
লাতিন গ্র্যামির মঞ্চে দিলজিৎ কোন গান পরিবেশন করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়োজক কর্তৃপক্ষ। তিনি এককভাবে পারফর্ম করবেন, নাকি অন্য কোনো শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন, সেটিও নিশ্চিত করা হয়নি।
তবে গত জানুয়ারিতে নিজের জন্মদিনে কলম্বিয়ান রেগেটন সংগীতশিল্পী জে বালভিনের সঙ্গে ‘সেনোরিতা’ শিরোনামের একটি গানের ঝলক প্রকাশ করেছিলেন দিলজিৎ। এ কারণে লাতিন গ্র্যামির মঞ্চে গানটি পরিবেশিত হবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। যদিও গানটির সঙ্গে এবারের পরিবেশনার কোনো সম্পর্ক আছে বলে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এবারের আসরে পারফর্ম করতে যাওয়া অনেক শিল্পীই বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন। কারোল জি তার অ্যালবাম ‘ট্রপিকোকুয়েটা’র জন্য অ্যালবাম অব দ্য ইয়ার ও বেস্ট আরবান মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন। একই অ্যালবামের ‘কোলেকসিওনান্দো হেরিদাস’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ার বিভাগেও মনোনীত হয়েছেন তিনি।
অন্যদিকে ব্যাড গিয়াল তার অ্যালবাম ‘মাস কারা’ এবং ‘চোকে’ গানের জন্য দুটি মনোনয়ন পেয়েছেন। বিজারাপ ও ড্যাডি ইয়াঙ্কিও বেস্ট আরবান পারফরম্যান্স এবং বেস্ট আরবান সং বিভাগে মনোনীত হয়েছেন।
এবারের মনোনয়নে সবচেয়ে এগিয়ে রয়েছেন গীতিকার এডগার বাররেরা। তার ঝুলিতে রয়েছে ১০টি মনোনয়ন। এ ছাড়া রোসালিয়া, কারোল জি, কাসেভেনরিয়েল ও প্যাকো আমোরোসো এবং জোর্জ ড্রেক্সলার পেয়েছেন সাতটি করে মনোনয়ন।
এবারের লাতিন গ্র্যামি অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি সালসা সংগীতশিল্পী, ট্রম্বোনবাদক ও ব্যান্ডনেতা উইলি কোলনের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে। সংগীত পরিচালক এনিও গাত্তির নেতৃত্বে এ পরিবেশনা অনুষ্ঠিত হবে। এতে উইলি কোলনের মূল ১৩ সদস্যের ব্যান্ডকে আবার একত্র করা হবে।
২০০৪ সালে লাতিন রেকর্ডিং একাডেমির প্রথম আজীবন সম্মাননা পাওয়া শিল্পীদের একজন ছিলেন উইলি কোলন। ২০০৬ সালে নিউইয়র্কে লাতিন গ্র্যামি আয়োজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী ও প্রযোজক রোজেলিন সানচেজ। দশমবারের মতো লাতিন গ্র্যামির উপস্থাপকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। দ্য স্টেটসম্যান






