পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচ চলাকালীন পুত্র সন্তানের বাবা হয়েছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পরিবারের সাথে সময় কাটাতে করাচিতে চলে যান এ তারকা। তখন বলা হচ্ছিল দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। বৃহস্পতিবার না খেলার বিষয়টি চুড়ান্ত করেছেন দলটির কোচ জেসন গিলেস্পি।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা এগারোটায় গড়াবে লড়াই। আগেরদিন আফ্রিদির না খেলার কথা জানিয়েছেন পাকিস্তানের টেস্ট কোচ।
‘গত কয়েক সপ্তাহ আকর্ষণীয় ছিল শাহিনের। তিনি একজন নতুন বাবা। আমরা একটি সুযোগ পেয়েছি, যাতে সেখানে যেতে পরে এবং তার পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারে। সেই অনুমতি দিয়েছি।’
দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল জানিয়েছে পাকিস্তান। স্কোয়াডে যুক্ত হয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও পেসার মীর হামজা। রদবদল নিয়ে গিলেম্পি বলেছেন, ‘ম্যাচের জন্য আমরা আমাদের সেরা সমন্বয় করেছি। পরিস্থিতি দেখব এবং সিদ্ধান্ত নেব আমাদের বোলিং আক্রমণের সেরা মেকআপটি কেমন হবে। আবহাওয়ার কারণে পিচের দিকে বেশি নজর দিতে পারিনি। তাই আমরা ১২ জনের নাম রেখেছি। আমরা যে দলটি বেছে নেবো, মনে করি তারা ২০ উইকেট নেয়ার জন্য সক্ষম।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ ড্র করতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।








