চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার কথা পাকিস্তানের। সিরিজ মুলতান থেকে সরিয়ে লাহোরে এবং করাচিতে নেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হওয়ায় এবং স্টেডিয়াম ঠিকঠাক করতে এমন পদক্ষেপ।
চার ম্যাচের ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার কথা ৮ ফেব্রুয়ারি। মুলতানে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ লাহোরের গাদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলাবে। আর সমযটা ভেন্যু নতুন করে সজ্জিত করতে কাজে লাগাবে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘গাদ্দাফি স্টেডিয়াম এবং ন্যাশনাল স্টেডিয়াম প্রস্তুতি অগ্রগতিতে পিসিবি আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে এ দুটি ভেন্যুতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সিরিজটি মূলত মুলতানে হওয়ার কথা ছিল।’
গাদ্দাফি স্টেডিয়ামের প্রস্তুতি সম্পন্ন হবে আশা করে পিসিবি বলেছে, ‘সমর্থক, দর্শক এবং মিডিয়াকে আশ্বস্ত করা যাচ্ছে যে, সব কাজ সময়সূচি অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং নির্ধারিত সময়সীমার আগে বা তার কাছাকাছিতে সম্পন্ন হবে।’







