ইমরান খানের রাজনৈতিক দল ‘পিটিআই’ নিষিদ্ধ হচ্ছে?

Imran Khan speaking to a massive crowd at a political rally, with supporters holding flags and banners. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)কে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সেদেশের সরকার। বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একথা বলেন।
গত ৯ মে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যা দেশটিতে ব্যাপকভাবে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করে। কারফিউ ভেঙ্গে পাকিস্তানজুড়ে পিটিআই নেতাকর্মীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে আদালতের নির্দেশে জামিনে মুক্তি পান ইমরান খান।
ইমরান খানের মুক্তির কয়েকদিনের মধ্যে তার দলকে নিষিদ্ধের এই পদক্ষেপ নেওয়ার কথা বলছে সেদেশের সরকার।
ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বানোয়াট। তিনি পাকিস্তানের সেই শক্তিশালী সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন, যারা পাকিস্তানকে সরাসরি শাসন করেছে নাহয় বেসামরিক সরকারগুলোকে নিয়ন্ত্রণ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পিটিআই রাষ্ট্রের ভিত্তিকে আক্রমণ করেছে, যা আগে কখনো ঘটেনি। এটা সহ্য করা যায় না।
ইমরান খানের গ্রেপ্তারের ফলে সারাদেশে যখন মারাত্মক প্রতিবাদের জন্ম দেয়, সেসময় পাকিস্তানের সেনা সদরদপ্তরে হামলা করে বিক্ষোভকারীরা। সেনাবাহিনীর স্টাফ অফিসারদের বাসায়ও হামলা করে পিটিআই নেতাকর্মীরা।




