মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শান্তি চুক্তিকে সামনে রেখে এই বৈঠক আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম দ্যা হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এর আগে গত সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে গত রোববার (১২ এপ্রিল) কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বৈঠকের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য প্রদেশ থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, প্রথম দফার আলোচনায় ১০ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।







