আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয়টি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে দর্শকদের ঢুকতে দিলেও করাচির ম্যাচে দর্শকরা মাঠে ঢুকতে পারবে না।
দ্বিতীয় ম্যাচটি করাচিতে শুরু হবে ৩০ আগস্ট। ন্যাশনাল স্টেডিয়ামে এসময় অবকাঠামোগত কাজ চলার কারণে দর্শকদের ঢুকতে দেয়া হবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অংশ হিসেবে পুনঃসজ্জিত করার কাজ চলছে স্টেডিয়ামটিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টিকে ‘কঠিন সিদ্ধান্ত’ উল্লেখ করে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটির টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। বোর্ডটি জানিয়েছে, ‘আমাদের সমর্থকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা প্রধান বিবেচ্য বিষয়। সবদিক বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্তে পৌঁছেছি যে, নিরাপত্তার জন্য দ্বিতীয় টেস্ট দর্শকশূন্য রাখতে হবে।’
১৯৯৬ সালের পর পাকিস্তান আইসিসির আর কোনো আসরের আয়োজন করতে পারেনি। সেসময় ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির আরেকটি আসরের আয়োজনের প্রস্তুতি হিসেবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেরও সংস্কার কাজ চলছে।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।








