পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বিস্ফোরণে ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়েছে, দর্শক ও খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিস্ফোরণটি বাজাউর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে। পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার তহসিলের কাউসার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ‘বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইডি) মাধ্যমে করা হয়। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।’
বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্য শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি পুলিশ স্টেশনে আরেকটি হামলা চালিয়েছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।






