প্লাস্টিক বর্জ্য থেকে বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধ অ্যাসিটামিনোফেন (যা অনেক দেশে প্যারাসিটামল নামে পরিচিত) তৈরি করার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে জীবাণু ব্যবহার করে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওষুধ তৈরি করা সম্ভব এবং এতে কার্বন নিঃসরণ হবে প্রায় শূন্যের কোঠায়।
আজ (৫ জুলাই) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় গবেষকরা একটি সাধারণ প্লাস্টিক পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি) থেকে অ্যাসিটামিনোফেনের মূল অণু তৈরি করতে সক্ষম হয়েছেন।
পিইটি হলো পানির বোতল, খাবারের প্যাকেটসহ নানা সামগ্রী তৈরিতে ব্যবহৃত একধরনের হালকা ও শক্ত প্লাস্টিক, যা বিশ্বজুড়ে বছরে ৩৫০ মিলিয়ন টনেরও বেশি বর্জ্য তৈরি করে।
গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব এডিনবরার অধ্যাপক স্টিফেন ওয়ালেস বলেন, এই গবেষণা দেখিয়েছে যে পিইটি কেবলমাত্র একটি বর্জ্য পদার্থ নয়, বরং এটি ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগের চিকিৎসায় ব্যবহৃত মূল্যবান উপাদানেও রূপান্তরিত হতে পারে।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে অ্যাসিটামিনোফেন উৎপাদন শুরু করতে আরও গবেষণা ও উন্নয়ন প্রয়োজন।










