ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রত্যাশিত ছবি ‘তুফান’। তার আগেই ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে এই তারকার ঈদুল ফিতরের সাড়া জাগানো ছবি ‘রাজকুমার’।
হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
‘রাজকুমার’ মুক্তির পর বেশ সাড়া ফেলে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল ছবিটি। সব শ্রেণীর দর্শকদের কাছ থেকে ছবিটি প্রশংসা অর্জন করে। মুক্তির দুমাস পরেই ‘রাজকুমার’ চলছে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে।
ছবির প্রযোজক আরশাদ আদনান জানান, ‘রাজকুমার’ যারা বড় পর্দায় দেখার সুযোগ পায়নি, তাদের জন্য রয়েছে সুখবর। আগামী ১৩ জুন ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ।
সম্প্রতি বঙ্গের ফেসবুক পেজে এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ। জানা যায়, নির্দিষ্ট পরিমাণ টাকায় সাবস্ক্রাইব করে রাজকুমার দেখতে হবে। কত টাকা সেটি শিগগির জানাবে বঙ্গ কর্তৃপক্ষ।
বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, “রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। আমরা ও ছবিটির প্রযোজক দুই পক্ষই চাই ছবিটা আবার দর্শকদের দেখার সুযোগ করে দিতে। ‘রাজকুমার’ আমাদের পক্ষ থেকে দর্শকদের জন্য ঈদের উপহার।
মা পাগল এক যুবকের আমেরিকা যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে রাজকুমারে।








