বাংলাদেশ

ঢাকা থেকে স্বর্ণদ্বীপ: স্টিয়ারিং হাতে তারেক রহমান

ঢাকা থেকে স্বর্ণদ্বীপ: স্টিয়ারিং হাতে তারেক রহমান

ছবি: সংগৃহীত।

কখনো লন্ডনের রাজপথে, কখনো ঢাকার ব্যস্ত সড়কে, কখনো কক্সবাজারের দীর্ঘ পথে, আবার কখনো বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরে। বদলেছে সময়, স্থান ও বাহন। তবে একটি দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে বারবার: গাড়ির স্টিয়ারিং হাতে তারেক রহমান। দীর্ঘদিনের ব্যক্তিগত অভ্যাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও ধরে রেখেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে আবারও গাড়ির চালকের আসনে দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আকাশী রঙের পোলো শার্ট পরা প্রধানমন্ত্রী নিজেই চালাচ্ছেন সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ যান। চারপাশে বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ প্রান্তর আর অসমতল ভূমি। রাজধানীর পরিচিত সড়কের বাইরে একেবারেই ভিন্ন পরিবেশে প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর এই দৃশ্য সামনে এসেছে।

তারেক রহমানের নিজ হাতে গাড়ি চালানোর অভ্যাস অবশ্য নতুন নয়। দীর্ঘ প্রবাসজীবনেও লন্ডনে নিয়মিত গাড়ি চালাতেন তিনি। পারিবারিক প্রয়োজনেও বহুবার তাকে দেখা গেছে চালকের আসনে।

মা খালেদা জিয়াকে নিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান
মা খালেদা জিয়াকে নিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান

২০২৫ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হিথরো বিমানবন্দর থেকে মাকে নিজ হাতে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। পরবর্তী সময়ে হাসপাতাল থেকে মাকে নিজের বাসায় নিয়ে যাওয়ার সময়ও গাড়ির স্টিয়ারিং ছিল তার হাতে। সেসব দৃশ্যে একজন রাজনৈতিক নেতার পাশাপাশি একজন সন্তানের পারিবারিক জীবনের চিত্রও উঠে আসে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও গাড়ি চালানোর পুরোনো অভ্যাস ছাড়েননি তারেক রহমান। চলাচলের জন্য বেছে নেন ব্যক্তিগত গাড়ি। প্রধানমন্ত্রীর যাতায়াতকে কেন্দ্র করে রাজধানীতে জনভোগান্তি কমাতেও প্রচলিত প্রটোকলে পরিবর্তনের নির্দেশও দেন তিনি।

দাপ্তরিক কর্মসূচিতেও একাধিকবার নিজ হাতে গাড়ি চালাতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীতে গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীতে গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত ৬ মে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে রাজধানীতে গাড়ি চালাতেও দেখা যায় তাকে। রাষ্ট্রের শীর্ষ নির্বাহী পদে আসীন হওয়ার পর তার এ ধরনের গাড়ি চালানোর দৃশ্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

গত ২৩ মে রাজধানীর তেজগাঁওয়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৈদ্যুতিক গাড়ি নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সেদিন তার গাড়ি চালানোর সঙ্গে যুক্ত হয় দেশীয় শিল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও পরিবেশবান্ধব যানবাহনের প্রসঙ্গ।

এর কয়েক দিন পর, ২৯ মে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। প্রায় চার ঘণ্টা ধরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। বর্জ্য অপসারণ ও নগর ব্যবস্থাপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়।

কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী
কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর উল্লেখযোগ্য আরেকটি ঘটনা ঘটে গত ১৩ জুন কক্সবাজার সফরে। বিমানবন্দর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে যান খাল খনন কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এক দিনেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালান তিনি।

কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে চকরিয়া, পেকুয়া, ডুলাহাজারা ও মালুমঘাট; বিভিন্ন এলাকায় তার যাতায়াতের বাহনের চালক ছিলেন তিনি নিজেই।

এরই ধারাবাহিকতায় এবার স্বর্ণদ্বীপ। স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত দ্বীপটিতে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর দৃশ্যও নজর কেড়েছে।

মা খালেদা জিয়াকে নিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান
মা খালেদা জিয়াকে নিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান

রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হিসেবে একজন প্রধানমন্ত্রীর চলাফেরায় নিরাপত্তা, প্রটোকল ও আনুষ্ঠানিকতার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কাঠামোর মধ্যেও তারেক রহমানের নিজ হাতে গাড়ি চালানোর অভ্যাস বহাল। কখনো পারিবারিক প্রয়োজনে, কখনো রাষ্ট্রীয় কর্মসূচিতে, কখনো প্রশাসনিক কর্মকাণ্ড সরেজমিনে পর্যবেক্ষণে তাকে দেখা যাচ্ছে চালকের আসনে।

লন্ডনে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে ঢাকায় স্ত্রীকে পাশে নিয়ে গাড়ি চালানো, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন থেকে কক্সবাজারে প্রায় দুইশ কিলোমিটার পথ পাড়ি দেওয়া, সবশেষ স্বর্ণদ্বীপের অসমতল প্রান্তরে গাড়ি চালানো; প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা। তবে সব কটি দৃশ্যের অভিন্ন অনুষঙ্গ একটিই: স্টিয়ারিং হাতে তারেক রহমান।

বিষয়:ডা. জুবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টিয়ারিং হাতে তারেক রহমান স্বর্ণদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…