আদালত

সাত দিন পর আরও পাঁচ দিনের রিমান্ডে সাঈদ খোকন

সাত দিন পর আরও পাঁচ দিনের রিমান্ডে সাঈদ খোকন

ছবি: সংগৃহীত।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে একই মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। সব মিলিয়ে এ মামলায় তার ১২ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সাঈদ খোকনকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বলেন, আগের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও কোনো কিছু উদ্ধার করা যায়নি। সাঈদ খোকনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি অসুস্থ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে হয়রানি করতেই আবার রিমান্ড চাওয়া হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, প্রয়োজন ছাড়া কাউকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় না। তদন্তের স্বার্থেই সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই মোতালেব হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় একই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাঈদ খোকনসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তারের পর প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আবারও তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

বিষয়:আবদুল মোতালেব হত্যা মামলা জুলাই গণ-অভ্যুত্থান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…