চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার খাগাউড়া ইউনিয়নের খালপার এলাকায় ব্র্যাক স্কুল মাঠে এই ঘটনা ঘটে। ফুটবল খেলা চলাকালীন সময়ে খেলাকে কেন্দ্র করে আব্দুল মুত্তালিবের ছেলে শান্ত (২০) ও সৌরভের (১৯) সঙ্গে একই গ্রামের লিন্ডন মিয়ার ছেলে মো. ইব্রাহিমের (১৯) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সময় দেশীয় ধারালো অস্ত্র (দা) দিয়ে ইব্রাহিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







