ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন স্থানীয় সময় বুধবার আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। তিনি বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন।
মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারালেন তুমুল জনপ্রিয় এই সংগীতশিল্পী। লিয়াম দুর্ঘটনাবশত পড়ে গেছেন না মদ্যপ ছিলেন, তা এখনো নিশ্চিত করে পুলিশ জানায়নি।
পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। পেইন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন।
২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে। একাধিক সংবাদ মাধ্যম লিয়াম পেইনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে থাকতে পারে এমন একজন আক্রমণাত্মক ব্যক্তিকে নিয়ে রিপোর্ট করার জন্য তারা একটি ফোন পান।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, এক হোটেল ম্যানেজার জরুরি ফোন করে এক অতিথিকে ‘মাদক সেবন করে নিজের রুমে ভাঙচুর’ করছেন। ম্যানেজার অপারেটরকে বলেছিলেন যে অতিথির ঘরে ‘একটি বারান্দা রয়েছে এবং আমরা ভয় পাচ্ছি যে তিনি নিজের জীবন ঝুঁকির মুখেও ফেলতে পারেন।’
বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর হোটেলের ম্যানেজার ‘নিজের ঘরের বারান্দা থেকে লাফিয়ে পড়া এক ব্যক্তির মৃত্যুর খবর জানান।







