দেশজুড়ে আর কয়েকদিন পরই পালন হবে পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানি আর মাংসের সাথে ঈদুল আজহা নিয়ে আসে প্রচুর খাবার-দাবারের আয়োজন। তবে সবচেয়ে বেশি জরুরি, রান্নার আগে মাংসের মসলা তৈরি করা।
শনিবার ৮ জুন রাজধানীর বেশ কিছুই মসলার বাজার ঘুরে দেখা গেছে রেডি মিক্স মসলার দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।
রাজধানীর নিউমার্কেটে এক রেডি মিক্স মসলার দোকানে মসলা কিনতে আসা ক্রেতা মোহাম্মদ আলাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, কোরবানির ঈদে দেখা যায় ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বাসায় অনেক দাওয়াত থাকে। কম বেশি সব আত্মীয়-স্বজনরাই বাসায় আসে। সেই ক্ষেত্রে রান্নার ঝামেলাও থাকে অনেক। বাসায় নিজে নিজে মসলা তৈরি করাটা বেশ ঝামেলার মনে হয়। তাই আমার স্ত্রীর জন্য রেডি মিক্স মসলাগুলো নিয়ে যাচ্ছি। এতে কোন বাটাবাটির ঝামেলা নাই। তবে এর গুণগত মানের দিকে সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।
বর্তমান বাজারে কী ধরনের মসলার চাহিদা বেশি প্রশ্নের জবাবে মসলা ব্যবসায়ী মোঃ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, কোরবানি ঈদের পর পর দেখা যায় কমবেশি সব বাসায় বারবিকিউর আয়োজন করা হয়। এজন্য এখন দোকানে বারবিকিউর রেডি মিক্স মসলার চাহিদাটাই বেশি। তার পাশাপাশি চাপ, রেজালা, কাবাব মশলা, কষা মাংসের মসলা, নেহারি, পায়া মসলা এইগুলোর বেচাকেনা বেশি চলছে।

ক্রেতাদের মধ্যে কাঁচা মসলার চাহিদার বিষয়ে আরেক মসলা ব্যবসায়ী জাহাঙ্গীর করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, কাঁচা মসলার মধ্যে এখন বেশি চলতেছে জয়ফল জয়ত্রী, তেজপাতা, বড় এলাচ-ছোট এলাচ, দারুচিনি, স্টার মসলা, জিরা, লং, গোলমরিচ। আর পাশাপাশি আরও বেচাকেনা হচ্ছে, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাঁচা বাদাম, আলু বোখারা।
বর্তমানে খুচরা বাজারে এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকা কেজি, দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি, লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি, জিরা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি, কালো গোল মরিচ ৮৪০ টাকা এবং সাদা গোলমরিচ ১ হাজার ২০০ টাকা, পেস্তা বাদাম ২ হাজার ৮০০ টাকা, কাঠবাদাম ১ হাজার ১০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।
তবে মসলার বাজারে ক্রেতাদের অভিযোগ, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গত সপ্তাহ থেকে অতিরিক্ত দাম বেড়েছে সকল ধরনের মসলার, যা গত ১০ দিন আগেও কিছুটা কম ছিল। গত দুই মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে মসলার।
এই বিষয়ে মসলার ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারের দাম বাড়লে তাদের কিছু করার থাকে না।








