বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও কিউইরা পেয়েছে বড় সংগ্রহ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ব্ল্যাক ক্যাপসরা ৭ উইকেটে ৩২২ রান তুলেছে।
হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার শুরুতে ব্যাটিংয়ে নেমে সাবধানী সূচনার পর আগ্রাসী হন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে এবং উইল ইয়াং। ৬৭ রানের ওপেনিং জুটি ভাঙেন রোয়েলফ ফন ডের মেরউই। ৪০ বলে ৫ চার ও এক ছক্কায় কনওয়ে ৩২ রান করে বাস ডে লেডের তালুবন্দি হন।
দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন ইয়াং ও রাচিন রবীন্দ্র। ফিফটি পাওয়া ইয়াং ৮০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রান করে ডে লেডের হাতে ধরা পড়লে ভাঙে জুটি।
ইংলিশদের বিপক্ষে আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে সেঞ্চুরি পাওয়া রাচিন আজও ব্যাট হাতে পেয়েছেন রান। বাঁহাতি ব্যাটার ৫১ বলে ৩ চার ও এক ছক্কায় ৫১ রান করে মেরউইয়ের দ্বিতীয় শিকার হন।
ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করেন ড্যারিল মিচেল। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করা ড্যারিলকে বোল্ড করেন পল ফন মিকেরেন। ফিফটি পাওয়া ল্যাথাম ৪৬ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৩ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন।
শেষদিকে মিচেল স্যান্টনারের ক্যামিও ইনিংসে ভর করে দলীয় স্কোর তিনশো পেরোয় নিউজিল্যান্ড। স্যান্টনার ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। ম্যাট হেনরি ৪ বলে এক ছক্কায় অপরাজিত থাকেন ১০ রানে।
ডাচদের পক্ষে দুটি করে উইকেট নেন আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও রোয়েলফ ফন ডের মেরউই।








