আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘণ্টা দুই পরে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও।
ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে টাইগার-ইংলিশ মাঠের লড়াই।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, হিমাচল প্রদেশে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে রাত থেকে সেখানকার কিছু কিছু জায়গার বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে, যা ম্যাচ শুরুর আগে থেমে যাওয়ার পূর্বাভাসই বেশি।
সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা। তবে বাংলাদেশের ম্যাচটি দিবারাত্রির নয়, সকালে শুরু হওয়াতে এই সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই প্রবল।








