জনপদ

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের ওবাইদুলের মৃত্যু

নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষের ভিড়, যেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন ও কিছু শিশু ও নারী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের ওবাইদুল ইসলামের (৩৩) মৃত্যু হয়েছে। স্বপ্ন পূরণ না হতেই দুর্ঘটনায় মৃত্যু হলো ওবাইদুলের। তার গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায় চলছে শোকের মাতম।

শনিবার ১৫ জুলাই সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইলফোনের মাধ্যমে তার মৃত্যর খবর পান পরিবারের সদস্যরা। তার লাশ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও পরিবার সূত্রে জানা যায়।

ওবাইদুল নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিন প্রামাণিকের ছেলে। পরিবারের সাত ভাই-বোনের মধ্যে ওবাইদুল ছিল সবার ছোট।

নিহতের মা রাহেলা বিবি ও স্থানীয়রা জানান, সংসারের অভাব দূর করতে ২০১৯ সালে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান ওবাইদুল। সেখানে দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে কাজ করে ঋণ পরিশোধ করছিলেন। এবার তার পালা ছিল স্বপ্ন পূরণের। কয়েকদিন আগেও তিনি মোবাইলফোনে মা রাহেলা বিবির সাথে শেষ কথা বলেন। তখন ওবাইদুল ভালো আছে বলেও জানিয়েছিলেন। কিন্তু আজ শনিবার সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইলফোনের মাধ্যমে তার মৃত্যর খবর পান তারা।

নিহতের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ২০১৯ সালে তিনি সৌদি আরবে যান। সর্বশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। তার লাশ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ার‌ম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা লাশ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছে বলেও জানান তিনি।

বিষয়:নাটোর
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…