আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কাছে ক্ষমতা নয়, বন্ধুত্ব চায় তার দল। তিনি আরও বলেন, শেখ হাসিনার শক্তি এ দেশের জনগণ ।
বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতা গয়েশ্বর বাবু এতদিন কোথায় ছিলেন? বিএনপি এখন ভেক ধরেছে, ভন্ডামি শুরু করেছে। এখন বলে ভারতের দালালি করছে। দালালি কারা করে? নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে গিয়ে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না। ভারত আমাদের বন্ধু। গত জাতীয় নির্বাচনে ৪২% ভোট পড়েছে। শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশের ৪২ % ভোটার। এই নির্বাচনে কোন প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচনেও প্রথম ধাপে ৩৬ থেকে ৪০% লোক ভোট দিয়েছে। তারা কারা? তারা দেশের জনগণ।
২১ বছর ভারতের সঙ্গে শত্রুতা করে কোন লাভ হয়নি। ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি দুদেশের মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি করেছিল। ক্ষমতায় এসে এই অবিশ্বাস সন্দেহের দেয়াল ভেঙ্গে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পানি চুক্তি কে করেছে? শেখ হাসিনা। ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি।
ভারত আমাদের বন্ধু জানিয়ে সেতু মন্ত্রী বলেন, আমরা কারো দাসত্ব করিনা। আমাদের শক্তি দেশের জনগণ। ভারতের কাছে আমরা আমাদের ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই।
এ সময় মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু্র বাংলাদেশ সফরে বিএনপি নেতারা চাঙ্গা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দু দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে। বিএনপি’র স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবেনা। লন্ডন থেকে ডাক দিয়ে কোন লাভ হবে না।
বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্য থেকে জনগণের সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময় এখনো শেষ হয়ে যায়নি। প্রস্তুত থাকুন। বিএনপিকে এমন এক শিক্ষা দিবো, পালাতে পালাতে বুড়িগঙ্গার পচা পানি খাবে। বিএনপির এখন সে দিনের অপেক্ষায়। বিএনপি’র সব আন্দোলন ও কর্মসূচিকে ভুয়া উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ভুয়া দল বিএনপিকে জনগণ বিশ্বাস করে না।
বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো বলেন, যু্দ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং ও ডলারের দাম বেড়েছে। রিজার্ভ আগের চেয়ে কমেছে কিন্তু আইএমএফ বলেছে বাংলাদেশের অর্থনীতির ভীত এখনো ঠিক আছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির সঞ্চালনায় শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা সহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







