বিপিএলে রংপুর রাইডার্স কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে আগেই। আর টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া নতুন দল নোয়াখালী এক্সপ্রেস নেমেছে আসরে শেষ ম্যাচ খেলতে। দুই-মুখী দুদলের গ্রুপপর্বের শেষ ম্যাচ রাঙিয়ে রাখলেন হাসান ঈসাখিল। ৪টি চারের সাথে ১১ ছক্কায় ডানহাতি ওপেনার খেলেছেন ৭২ বলে অপরাজিত ১০৭ রানের ঝড়ো ইনিংস। হায়দার আলির সাথে তার অবিছিন্ন জুটিতে রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী।
বিপিএল অভিষেক কদিন আগে ৯২ রান করা ঈসাখিল এদিন শুধু বিপিএলেই নয়, টি-টুয়েন্টিতেই নিজের প্রথম সেঞ্চুরি তুলেছেন। আরেক ওপেনার রহমত আলি ৯ এবং জাকের আলি ৩ রানে ফেরেন। হায়দার আলি ৩ চার ও এক ছক্কায় ৩২ বলে অপরাজিত ৪২ রান করেন। ঈসাখিল এবং হায়দার ৭৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
রংপুরের হয়ে নাহিদ রানা এবং আলিস আল ইসলাম একটি করে উইকেট নেন।








