রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাষ্ট্রপতির অপসারণের দাবি নিয়ে কোনো ডেভেলপমেন্ট হলে জানানো হবে বলেও জানানো হয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
সংবাদ ব্রিফিংয়ের আগে যমুনায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সভায় বিএনপির নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে কথা হয়েছে।
ড. ইউনূসের অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা প্রচুর কল পেয়েছি, প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তার ছবি দিচ্ছি আমরা। কালও অনেকগুলো মিটিং করেছেন। আজও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।
আলোচনা শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, নতুন করে আবার ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা চলছে। চলমান সংকট দূর করতে হবে। দেশে যাতে কোনো রাজনৈতিক সংকট তৈরি না হয়। প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়েছে।









