হলিউডের সাড়া জাগানো অভিনেত্রী নিশেল নিকোলস মারা গেছেন। ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সিলভার সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
রবিবার (৩১ জুলাই) প্রয়াত অভিনেত্রীর পুত্র কাইল জনসন তার অফিশিয়াল সাইটে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে এই অভিনেতা বলেন—‘গতকাল রাতে আমার মা নিশেল নিকোলস বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার জীবন আমাদের কাছে মডেল হয়ে থাকবে।’
ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘স্টার ট্রেক-দ্য অরিজিন্যাল সিরিজ’-এ অভিনয়ের জন্য ভক্তদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন নিকোলস। সায়েন্স ফিকশন সিরিজটিতে লেফটেন্যান্ট উহুনার চরিত্রে অভিনয় করেন। ‘স্টার ট্রেক’ ষাটের দশকে হয়ে উঠেছিল পপ কালচারের অন্যতম অনুষঙ্গ। এ সিরিজেই প্রথমবারের মতো টিভি সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রীকে দেখা যায়।
এছাড়া অভিনয়ের পাশাপাশি নিশেল নাসার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। তিনি এই সংস্থায় নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের যোগদানের বিষয়ে সহায়তা করতেন।
নিশেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা স্টার ট্রেকের ভক্ত, তার সহ অভিনেতা-অভিনেত্রীরা এবং আরও অনেক মানুষ।








