সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও ভালো সময় কাটছে না নেইমারের। চোট যেন নিত্য সঙ্গী। এদিকে সান্তোসের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে তার। আলোচনায় নেইমারের নতুন ঠিকানা, তবে সাবেক প্রিমিয়ার লিগ গোলরক্ষক ব্রাড ফ্রিডেলের পরামর্শ, মেজর লিগ সকারে যেতে বলছেন নেইমারকে। সুযোগ থাকছে আবারো লিওনেল মেসির সতীর্থ হওয়ার।
মেসিদের ক্লাব ইন্টার মিয়ামিতেই নেইমারকে চান ফ্রিডেল। যুক্তরাষ্ট্র গেলে ক্লাব ও লিগের জন্য ভালো বার্তা বয়ে আনবেন বলেও তার ধারণা। চোট জর্জর নেইমারের সঙ্গে এমন ভাবে চুক্তি হওয়া উচিত যেখানে তিনি শুধু খেললেই বেতন পাবেন, এমনই পরামর্শ ফ্রিডেলের।
‘যদি নেইমার ফিট থাকে তাহলেই সকার লিগে তার উপস্থিতি কাজে দিবে। যুক্তরাষ্ট্রে এখনো তার নাম ডাক আছে। যদি ফিট না থাকেন আর নিয়মিত চোটে পড়েন তাহলে ক্লাব কেন, মিডিয়াতেও নেতিবাচক প্রভাব পড়ে।’
‘মেসি আসার আগে মেজর লিগ সকারে মিয়ামি নামে যে ক্লাব আছে তাও অনেকে জানতো না। এখন সব জায়গায় গোলাপী ও কালো জার্সিতে সয়লাব। যদি নেইমার এখানে আসে মিয়ামি আরও সমৃদ্ধ হবে। এখানে এসে বিশেষ কিছুই করতে পারবেন তিনি।’
মৌসুমে চতুর্থবার চোটে পড়েছেন ব্রাজিলীয় এ ফরোয়ার্ড। জাতীয় দলে খেলা নিয়েও আছে শঙ্কা। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে তাকে ধারাবাহিক চোট থেকেও বেরিয়ে আসতে হবে।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী নেইমারকে গত দুই মৌসুমে ৫৮০ দিন থাকতে হয়েছে মাঠের বাইরে। সবচেয়ে বেশি ২০২৩-২৪ মৌসুমে ৩৭১ দিন বাইরে থাকায় খেলতে পারেননি ৫৩ ম্যাচ।







