চলতি বছরের শেষদিকে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করবে ফিফা। দৌড় থেকে অস্ট্রেলিয়া নাম সরিয়ে নেয়ার পর রাস্তা অনেকটা পরিষ্কার সৌদি আরবের। মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে বার্তা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। আল হিলাল ফরোয়ার্ড মনে করেন, সৌদিতে বিশ্বকাপ হলে সবার জন্য খুব রোমাঞ্চকর হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি ক্লাব আল হিলালের প্রকাশিত ভিডিও বার্তায় এমনটা বলেন নেইমার। বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সৌদি আরবের প্রাপ্য।’
‘সৌদি আরবে বিশ্বকাপ হলে খুশি হব। মনে করি, খুব রোমাঞ্চকর বিশ্বকাপ হবে সবার জন্য। সারাবিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে আরও জানার সুযোগ পাবে, তাই এখানে সবার সঙ্গে থাকা হবে দারুণ অভিজ্ঞতা, তাদের এই সুযোগ প্রাপ্য।’
ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে গড়াবে আসর। ৪৮ দলের অংশগ্রহণ করবে বিশ্বমঞ্চে। ২০২৬ বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ আসর আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে ২০৩০ আসরের প্রথম তিন ম্যাচ হবে লাতিন আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এসিএল চোটে মাঠের বাইরে আছেন। এখন সেরে ওঠার শেষ ধাপে আছেন ৩২ বর্ষী ফরোয়ার্ড।







