২০২৩ সালে সৌদি প্রো লিগে আল হিলালে যোগ দেয়ার পর খুব একটা মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। গত বছরের অক্টোবরে চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন ৩২ বর্ষী ব্রাজিলিয়ান তারকা। কবে ফিরবেন সেটাও জানা নেই ক্লাবের। ক্লাবটির কোচ জানালেন, স্পষ্টভাবে বলা যাচ্ছে না কবে নেইমার মাঠে ফিরতে পারবেন।
আল হিলালের কোচ জর্জে হোসে বলেছেন, ‘নেইমার আল হিলাল এবং সাধারণভাবে লিগের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যাইহোক, আমি তার ফিরে আসার তারিখ নির্দিষ্ট করতে পারছি না। তবে আমরা জানুয়ারিতে পরিস্থিতি মূল্যায়ন করব।’
গত বছরের অক্টোবরে সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেটির পর কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কার কথা শোনা গিয়েছিল। পরে আশঙ্কা সত্যি হয়, খেলতে পারেননি ওই আসরে।







