অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পাওয়া ডানহাতি পেসার রোজমেরি মেয়ারকে দলে ফেরানো হয়েছে।
কিউইদের অধিনায়ক সোফি ডিভাইন এবং সুজি বেটস তাদের নবম টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবেন। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর ৩৫ বর্ষী ব্যাটিং অলরাউন্ডার ডিভাইন এবং ৩৬ বর্ষী অলরাউন্ডার বেটস প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন।
মেয়ারের ফেরাতে দলটির পেস আক্রমণ আরও শানিত হয়েছে। এ আক্রমণে থাকছেন লিয়াও তাহুহু, জেস কের, হান্নাহ রোয়ি এবং মলি পেনফোল্ডের সাথে থাকছেন বোলিং অলরাউন্ডার বেটস এবং ব্রুক হ্যালিডে।
দলটির স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন লেগি ক্যাসপারেক, মিলি কের, ফ্রান জোনাস এবং এডেন কারসন।
দলটিতে একমাত্র উইকেটকিপার ব্যাটার ইজি গেজ একমাত্র খেলোয়াড় যার টি-টুয়েন্টি বিশ্বকাপে আগে খেলার অভিজ্ঞতা নেই।
নিউজিল্যান্ড দল:
সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, এডেন কারসন, ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ফ্রান জোনাস, লেগি ক্যাসপারেক, জেস কের, রোজমেরি মেয়ার, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লিমার, হান্নাহ রোয়ি এবং লিয়াও তাহুহু।








