নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ ইংল্যান্ডসহ যে কোনো প্রতিপক্ষকে নিজেদের সর্বোচ্চ রানের হারের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ২-০তে আগেই জেতা ইংল্যান্ড হেরেছে ৪২৩ রানের বিশাল ব্যবধানে। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।
নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়লেও এই একই ব্যবধানে আরেকটি জয় আছে টম ল্যাথামের দলের। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকেও ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়েছিল দলটি। ৩৬ বর্ষী টিম সাউথির বিদায়ী টেস্টে সেই রেকর্ড আরও পাকাপোক্ত করল কিউইরা।
টেস্টে নিজের বিদায়ী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পাশে নাম লিখিয়েছেন টিম সাউদি। ১০৭ টেস্টে ১৫৬ ইনিংসে ৯৮টি ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রাখলেন কিউই তারকা। তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ১৮২ ইনিংস খেলে।
হ্যামিলটনে সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড স্যান্টনারের দৃঢ়তায় ৩৪৭ রান তোলার পর বল হাতেও স্যান্টনারের ধাক্কায় ইংল্যান্ডকে ১৪৩ রানে অলআউট করে। ২০৪ রানের লিডে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে আরও ৪৫৩ রান করলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ৬৫৭ রানের।
তবে বেন স্টোকসের দল ২৩৪ রানের বেশি তুলতে পারেনি। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন স্যান্টনার। সাউথির বিদায়ী ইনিংসে পেয়েছেন ২ উইকেট। নিউজিল্যান্ড নতুন জয়ের রেকর্ড করে ম্যাচ জেতে ৪২৩ রানে। সিরিজসেরা হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।







