নিউজিল্যান্ডের পেস বোলার ডগ ব্রেসওয়েলকে কোকেন সেবনের অভিযোগে একমাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জানুয়ারিতে ওয়েলিংটনের বিপক্ষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে টি-টুয়েন্টি ম্যাচের পর ডোপ টেস্ট করা হয় তার। ফল পজিটিভ আসায় একমাসের নিষেধাজ্ঞা দেয়া হল।
ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ৩৪ বর্ষী ব্রেসওয়েল। ২১ রান খরচায় ২ উইকেট, ১১ বলে অপরাজিত ৩০ রান এবং দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান। ম্যাচের পর ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। তার নমুনা পরীক্ষা করে কোকেনের উপস্থিতি মিলেছে। শেষে এলো নিষেধাজ্ঞা।
স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করেছে, ব্রেসওয়েল প্রতিযোগিতার বাইরের সময় কোকেন এবং মেটাবোলাইট বেনজয়লেকগোনাইন ব্যবহার করেছেন এবং এটি খেলার সাথে সম্পর্কিত নয়। ফলে তাকে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়া হলেও চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেটি কমিয়ে একমাসে আনা হয়েছে।
যদিও ব্রেসওয়েল নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন। তার সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার মাস ছিল গত এপ্রিল। এখন ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই।
জাতীয় দল জার্সিতে ব্রেসওয়েল তিন ফরম্যাটে ৬৯ ম্যাচ খেলেছেন। সবশেষ ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।







