সুপার মার্কেটে কাঁচা বাজারের জন্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। দেশটিতে অন্যান্য পণ্য বহনে প্লাস্টিক ব্যাগের ব্যবহার না হলেও সাধারণত ফল বা শাকসবজি রাখতে ব্যবহৃত হতো এই ব্যাগ। তবে এবার তা নিষিদ্ধ হলো কাঁচা বাজারেও।
বিবিসি জানিয়েছে, গত শনিবার নিউজিল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে এই পদক্ষেপ। যা দেশটিতে প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে সরকারি প্রচারণার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশই প্লাস্টিক ব্যাগের ওপর জরিমানা বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৯ সালে প্রথম প্লাস্টিক ব্যাগের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে নিউজিল্যান্ড, এরপর এক বিলিয়নেরও বেশি প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ হয়েছে দেশটিতে।
তবে এবার কাঁচাবাজার বহন করার জন্য সুপার শপগুলোতে এই ব্যাগের ব্যবহার বন্ধ করায় নিউজিল্যান্ডে প্রতি বছর ১৫০ মিলিয়ন প্লাস্টিক ব্যাগের ব্যবহার রোধ করা যাবে বলে আশা করা হচ্ছে।
দেশটির বিভিন্ন সুপারশপ পরিচালনাকারীরা জানান, প্রথম প্রথম কাগজের বা পুনরায় ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি ব্যাগে পণ্য পরিবহণ করতে গ্রাহকদের কিছুটা অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবেন তারা।








