শাহরুখের ‘জওয়ান’র মুক্তির দেড় সপ্তাহও বাকি নেই আর! তাইতো রোজই আসন্ন ছবিটিকে ঘিরে প্রকাশ্যে আসছে নতুন কোন না কোন চমক! তার মাঝেই এবার প্রকাশ্যে এলো ছবিটির তৃতীয় গান ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ২টা নাগাদ গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেলে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। আর প্রকাশ্যে আসা মাত্রই গানটির কমেন্ট বক্স ভক্তদের প্রশংসা ও ভালোবাসায় ভেসে যাচ্ছে।
২ মিনিট ৫১ সেকেন্ডের ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’ গানটিতে শাহরুখকে দেখা গিয়েছে বেশ মন খুলে ডান্স করতে। শুধু তাই নয়, তার নাচের স্টেপ যেন তার বয়সকেও হার মানিয়েছে। একই সঙ্গে গানটিতে তার লুক মুগ্ধ করছে আট থেকে আশির সবাইকেই!
৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়েও যে শাহরুখ এখনও নারীদের হার্টথ্রব তা যেন আবারও প্রমাণ করলেন এই সুপারস্টার।
এছাড়াও গানটিকে শাহরুখের সঙ্গে পা মেলাতে দেখা গেছে নয়নতারাকেও। তবে শাহরুখের সামনে যেন সব কিছুকেই ফিকে লাগছে গানটিতে। এদিন গানটি প্রকাশ্যে আসতেই সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করেন কিং খান।
পোস্টে তিনি লিখেছেন, ‘এটা ছাইয়াঁ ছাইয়াঁ নয়, এটা ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’। এটা জওয়ানের তা তা থাইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে… কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ আগস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে… আপাতত আমার সঙ্গে নাচ করুন…।’
গানটি সংগীত পরিচালনা অনিরুদ্ধ রবিচন্দ্র। গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, বিশাল দাদলানি ও শিল্পা রাও। এছাড়াও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।
অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়াও আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।







