রাজের ‘ওমর’ ছবির কাস্টিংয়ে চমক!
সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই সময়ের তুখোড় তিন অভিনেতা বাবু-সেলিম-নাসির

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা ছবি, চারজন পুরুষের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে, বিভিন্ন পোষাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
নতুন সিনেমা বানাতে যাচ্ছেন চিত্রপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মিতব্য নতুন এ সিনেমাটির নাম হচ্ছে ‘ওমর’। সম্প্রতি সিনেমার নমুনা পোস্টারও শেয়ার করেছেন। এবার ছবির কাস্টিং নিয়ে দারুণ চমক দিলেন রাজ!
শনিবার বিকেলে এই নির্মাতা জানালেন, তার নতুন ছবি ‘ওমর’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সময়ের তুখোড় তিন অভিনেতাকে! কারা তারা? চুক্তি স্বাক্ষরের ছবিও শেয়ার করলেন রাজ। তারা হলেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম এবং নাসিরউদ্দিন খান।
এ বিষয়ে রাজ জানালেন, “কাকে রেখে কার নাম বলি! একসাথেই বলে দেই বরং। ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং নাসিরউদ্দিন খান! তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি!”
তবে নায়ক-নায়িকার চরিত্রে কে আছেন, তা জানতে করতে হবে আরেকটু অপেক্ষা! তবে তা খুব বেশি নয়। কারণ আসছে সেপ্টেম্বরেই ‘ওমর’ এর শুটিংয়ে নামছেন রাজ।
রাজের কথা ‘ওমর’ এর গল্প হবে তার আগের সিনেমার গুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না পরিচালক। কথা প্রসঙ্গে রাজ জানালেন, ‘ওমর’ চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।
এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন বানিয়েছিলেন এ নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।






