নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো শপথগ্রহণ অনুষ্ঠানে কোরআন শরিফ ব্যবহার করতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শপথ অনুষ্ঠানে তিনি অন্তত তিনটি ভিন্ন ও বহু পুরাতন একটি কোরআন ব্যবহার করবেন বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, মুসলিম এবং মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি জোহরান মামদানি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তার এই সিদ্ধান্তকে শহরের নাগরিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিতব্য ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে মামদানি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আরতুরো শমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করবেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সৌজন্যে এই কোরআন ধার নেওয়া হয়েছে। এছাড়া সিটি হলে আয়োজিত জনসমক্ষে শপথ অনুষ্ঠানে তিনি তার দাদা ও দাদীর কোরআন ব্যবহার করবেন।
শপথ অনুষ্ঠানের পর নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে একটি বিশেষ প্রদর্শনীতে প্রথমবারের মতো শমবার্গের কোরআন জনসমক্ষে প্রদর্শিত হবে।যুক্তরাষ্ট্রে আইনের দৃষ্টিতে শপথ গ্রহণের সময় ধর্মীয় গ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক না হলেও, অতীতে নিউইয়র্কের অধিকাংশ মেয়র বাইবেল ব্যবহার করেছেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের কিউরেটর হিবা আবিদ কোরআন নির্বাচনে মামদানিকে সহায়তা করেন।
উল্লেখ্য, অতীতেও নিউইয়র্কের মেয়ররা শপথ অনুষ্ঠানে ব্যক্তিগত বা ঐতিহাসিক স্মারক ব্যবহার করেছেন। ২০২১ সালে মেয়র এরিক অ্যাডামস তার মায়ের বাইবেল ও একটি ফ্রেম করা ছবি হাতে নিয়ে শপথ নেন। আর বিল ডি ব্লাসিও ব্যবহার করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মালিকানাধীন একটি বাইবেল।


