স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও হার এড়াতে পারেনি টিম টাইগ্রেস। ডাচ মেয়েদের কাছে ৮ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এডেনবার্গে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৮ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ।
রানতাড়ায় নেমে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ট্রাইগ্রেস অধিনায়ক ৭ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭৭ রান করেন। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৪ বলে ২২ রান। এছাড়া রিতু মনি ১৭ এবং স্বর্ণা আক্তার ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নেদারল্যান্ডস বোলারদের মধ্যে হেথার সাইগ্রেস ৩ উইকেট নেন। সিলভার সাইগ্রেস নেন ২ উইকেট।
এর আগে ব্যাটে নেমে ডাচ মেয়েদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন হেথার সাইগ্রেস। এছাড়া ফেবে মোল্কেনবয়ের ২৯ এবং স্ট্রে ক্যালিস ২৮ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা ২ উইকেট নেন। মারুফ আক্তার ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।







