আন্তর্জাতিক

মৃত্যুর মুখে জীবন বাঁচানোর যুদ্ধ: নেপালি ক্যাপ্টেন প্রিয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা

নেপালি ক্যাপ্টেন প্রিয়া জীবন রক্ষার জন্য যুদ্ধরত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষদের উদ্ধারে শতাধিক মিশনে অংশ নিয়েছেন দেশটির প্রথম নারী হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। টানা অভিযান চালাতে গিয়ে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও নিখোঁজদের খোঁজ এবং জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র এক সাক্ষাৎকারে উদ্ধার অভিযানের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রিয়া।

তিনি জানান, দুর্গত উপত্যকায় একসঙ্গে বহু হেলিকপ্টার ও উড়োজাহাজ চলাচল করায় আকাশপথ ছিল অত্যন্ত ব্যস্ত। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ও কাদায় ঢাকা অনিরাপদ এলাকায় হেলিকপ্টার অবতরণ করা ছিল বড় ধরনের কারিগরি চ্যালেঞ্জ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি অঞ্চলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে প্রিয়া বলেন, সেখানে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক ও কেন্দ্রীভূত যে ২০১৫ সালের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ বলে মনে হয়েছে।

শতাধিক উদ্ধার মিশনে উড়লেও মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা জানিয়েছেন প্রিয়া। উদ্ধার করা ব্যক্তিদের সঙ্গে তার মানসিকভাবে গভীর সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি। নিখোঁজ মানুষদের সন্ধানে বারবার অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি।

উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আরও জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রিয়া। বিশেষ করে মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগসহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতির কথাও উঠে এসেছে তার বক্তব্যে।

প্রিয়ার অভিজ্ঞতায় উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে উদ্ধার অভিযান পরিচালনার ভয়াবহ ঝুঁকি ও মানবিক দায়বদ্ধতার চিত্র। প্রতিকূল আবহাওয়া, অনিরাপদ অবতরণস্থল এবং ব্যস্ত আকাশপথের মধ্যেও জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য পরিবেশবিজ্ঞান পড়ার পর কেবিন ক্রু হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্রিয়া। পরে ফিলিপাইনে হেলিকপ্টার প্রশিক্ষণ নিয়ে ২০১৭ সালে পাইলট হিসেবে কাজ শুরু করেন। হিমালয়ে উচ্চ-উচ্চতার উদ্ধার অভিযানে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বিষয়:অভিযানউদ্ধার মিশনক্যাপ্টেন প্রিয়ানেপালে বন্যাপ্রথম নারী হেলিকপ্টার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…