রাজনীতি

‘সবাইকে সতর্ক থাকতে হবে’

‘সবাইকে সতর্ক থাকতে হবে’

ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

ডেঙ্গু পরীক্ষার বিষয়ে রিজভী বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা করতে ৫০ টাকা নেওয়া হতো। এখন তা বিনামূল্যে করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।

বিষয়:নির্বাচিত সরকার পতিত দোসর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…