৫১ বছর পর নেপালের সাথে কাবাডি টেস্ট সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পল্টনে আয়োজিত সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জিতেছে ৪৫-২৭ পয়েন্টে।
প্রথম রেইডে পয়েন্ট পায়নি বাংলাদেশ, বিপরীতে নেপাল প্রথম রেইড থেকে একটি পয়েন্ট আদায় করে নেয়। আগের দুই ম্যাচের সেরা দুই রেইডার মিজানুর রহমান ও দিপায়ন গোলদার রেইডে ধরা পড়ে পয়েন্ট দিয়ে আসেন নেপালকে। ম্যাচের প্রথম রিভিউ নেয় বাংলাদেশ, পয়েন্ট আদায় করে বাংলাদেশ সেই রিভিউ থেকে।
শেষ ম্যাচে পুরনো বাংলাদেশকে দেখা গেছে, প্রথম ১০ মিনিটে এক লোনা আদায় করে নেন রাজীব-ফেরদৌসরা। প্রথমার্ধে বাংলাদেশ আরেকটি রিভিউ নেয়, যদিও সেটাতে সাফল্য পাননি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে বাংলাদেশের পয়েন্ট ১৯, নেপালের পয়েন্ট ছিল ১৫।
বিরতি থেকে ফিরে আবারও দুর্বল শুরু হয় বাংলাদেশের, নেপালের রেইডে পয়েন্ট দেয়ার পর বাংলাদেশের রেইডেও পয়েন্ট পায় বাংলাদেশ। এসময় সুপার ট্যাকল থেকে পয়েন্ট আদায় করে বাংলাদেশ দল। কিছুটা সময় হাড্ডাহাড্ডি লড়াই চলে দুদলের মধ্যে।
দ্বিতীয়ার্ধের সময় গড়ানোর সাথে সাথে ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ দল। এসময় আরেকটি লোনা আদায় করে বাংলাদেশ, পয়েন্ট দাঁড়ায় ৩৪-২২। শেষ মিনিটে ম্যাচের চতুর্থ লোনা পায় বাংলাদেশ এবং ম্যাচ জিতে নেয় ৪৫-২৭ পয়েন্টে।
প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতে দারুণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪৫-৪২ পয়েন্টে জিতে সিরিজে সমতা আনে নেপাল। তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচে ৪৯-২৪ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।







