জাতীয় লিগ ক্রিকেট (এনসিএল) টি-টুয়েন্টির উদ্বোধনী দিন থেকেই বৃষ্টি বাঁধা। সেদিন কেবল ৫ ওভারের একটি ম্যাচ হয়েছিল। এরপর আর বল গড়াতে পারেনি মাঠে। বৃষ্টি বাধায় এবার স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিএল টি-টুয়েন্টি স্থগিত হওয়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, পরিস্থিতি বুঝে পরে নতুন সূচি জানাবে বোর্ড।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈরি আবহাওয়ার কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতি এনসিএল টি-টুয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট স্থগিত করা হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’
গত শনিবার পর্দা ওঠে এনসিএল টি-টুয়েন্টির। উদ্বোধনী দিনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৫ ওভারের লড়াইয়ে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারায় গত আসরের রানার্সআপ ঢাকা মেট্রো। বগুড়ায় সেদিনের আরেক ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।
বগুড়ায় মাঠের অবস্থা খারাপ দেখে সেখানকার পরের দুই দিনের ম্যাচও সরিয়ে নেয়া হয় রাজশাহীতে। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীতেও দ্বিতীয় দিন থেকে আর কোনো ম্যাচ হতে পারেনি বৃষ্টির কারণে। এবার তো টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল।







