ম্যানচেস্টার সিটি কিংবা নরওয়ে জাতীয় দল, দারুণ ছন্দে আছেন আর্লিং হালান্ড। গোলের পর গোল করে দুর্দান্ত সব রেকর্ড করে চলেছেন। এবার জাতীয় দল জার্সিতে ২৪ বছর বয়সেই দারুণ এক রেকর্ড গড়লেন। ভাঙলেন ৯০ বছরের পুরনো রেকর্ডটি।
উয়েফা নেশনস লিগে স্লোভেনিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করে রেকর্ড গড়েছেন হালান্ড। ম্যাচে অন্য গোলটি আসে আলেকজান্ডার সরলোথের থেকে।
জাতীয় দল জার্সিতে এপর্যন্ত ৩৬ ম্যাচে ৩৪ গোলের দেখা পেলেন হালান্ড। ১৯২৮-৩৭ সালের মধ্যে দেশের হয়ে ৪৫ ম্যাচে সর্বোচ্চ ৩৩টি গোল করা ইয়ূর্গেন জুভকে ছাড়িয়ে গেছেন। ২৪ বছর বয়সেই হালান্ড এখন দেশের সর্বোচ্চ গোলদাতা।
দারুণ জয়ে ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে নরওয়ে। ৩ ম্যাচে পয়েন্ট ৭। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে স্লোভেনিয়া। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে অস্ট্রিয়া।








