রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে নগদ ২৯ লাখ টাকাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট মধ্যরাত থেকেই প্রিয় প্রাঙ্গন নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। অভিযান চলাকালে ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা।
এসময় ভবনের ভেতরে কোনও সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।
ভোররাত পর্যন্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও সেখানে উপস্থিত ছিলেন।
নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থের যোগান দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নুর। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই এই অভিযান বলেও জানান তিনি।







