রাজধানীর মিরপুরের ভাষানটেকে একটি বাড়িতে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট অভিযান চালিয়েছে র্যাব-৪, ডিবি ও ভাষানটেক থানা পুলিশ। তবে দীর্ঘ অভিযান শেষে বাড়িটি থেকে অস্ত্র বা সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। আটক করা হয়নি কাউকেও।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৪৯ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভাষানটেক থানাধীন বাগানবাড়ি এলাকার ১৬০/বি নম্বর বাড়িতে এ যৌথ অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ডিবি ও র্যাবকে ফোন করে ওই বাড়ির একটি ফ্ল্যাটে অস্ত্র থাকার তথ্য দেন। ফোনে তিনি জানান, তিনি আর অপরাধের পথে থাকতে চান না। ভালো হয়ে যেতে চান। এ কারণে অস্ত্রসহ তাকে নিয়ে গিয়ে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার অনুরোধও করেন তিনি।
এ তথ্য পাওয়ার পর শনিবার দুপুরের পর বাড়িটি ঘিরে রাখে ডিবির একটি দল। পরে র্যাব-৪ ও ভাষানটেক থানা পুলিশ সেখানে যৌথভাবে অভিযান শুরু করে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, ১৬০/বি নম্বর বাড়িটি আটতলা। এর চতুর্থ তলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্য অহিদুল হকের ই/৩ নম্বর ফ্ল্যাটে অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি চালানো হয়।
অভিযানে র্যাব-৪-এর ১৮ থেকে ২০ জন সদস্য এবং পুলিশের ১৫ থেকে ১৬ জন সদস্য অংশ নেন। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট ধরে তল্লাশি চালানোর পরও ফ্ল্যাটটি থেকে অস্ত্র, মাদক বা অন্য কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
পরে ‘শূন্য জব্দ তালিকা’ প্রস্তুত করে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে অভিযানকারী দল। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘সিনিয়র স্যারদের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কিছু পাইনি। কাউকে আটকও করা হয়নি।’
অভিযান শেষে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










