সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া সোনার মুকুট চুরি

সোনার মুকুট চুরির জন্য মন্দিরে প্রবেশ করে চোর, মোদির প্রতিমার পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর শ্রী শ্রী যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া কালি মূর্তির মাথার সোনার মুকুটটি চুরি হয়ে গেছে।
গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে একজন যুবককে মন্দিরের কালি মূর্তির মাথা থেকে মুকুট নিয়ে যেতে দেখা গেছে।
এই বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতকারীকে চিহ্নিত করাসহ বিভিন্ন তদন্ত চলছে।
মন্দিরের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে একটি অন্নপ্রাসন্নের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলের কাছে যাই। ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুট নাই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।
মন্দির কমিটির বরাতে শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, মন্দির থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটেছে। মুকুট চুরির ২ থেকে ৩ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও পুরোহিত প্রশাসনকে জানায়নি।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি কৃষ্ণ মুখার্জী বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মহামূল্যবান উপহারটি বাংলাদেশের সাতক্ষীরায় এসে কালিমাতার মাথায় নিজ হাতে পরিয়ে দেন। এমনিতে জায়গাটি তীর্থ স্থান তারমধ্যে ভারত প্রধানমন্ত্রীর আগমনের পর থেকে স্থানটি আরও আলোচিত হয়ে ওঠে।






