নড়াইলে নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার দুই দিন পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বেন্দারচর গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ও বড়দিয়াবাজারের কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তারা। তবে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাধা সরিয়ে রাত ৮টার দিকে তারা সেখানে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল বলেও জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। বাকি বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।
এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লার মৃত্যু হয়।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তারা নিহত হয়েছেন।





