যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বন্ধুত্বের কারণে এই সফরে এসেছি।’
রাজধানী তাইপে’তে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে আলাপ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পেলোসি বলেন, ‘আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে যে, আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না এবং আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।’
পেলোসি বলেন, ‘ওয়াশিংটন তাইওয়ানের স্থিতিবস্থাকে সমর্থন করে। আমরা চাই না জোর জবরদস্তি করে তাইওয়ানে কিছু হোক।’
ন্যান্সি আরো জানান, তিনি এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ‘তাইওয়ানের পাশে আছে যুক্তরাষ্ট্র’ বার্তাটি পাঠাতে দ্বীপটি সফর করছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় তাইওয়ান নিরাপত্তাসহ স্বাধীনতা পাবে এবং এ থেকে পিছপা হবে না।’
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তাইওয়ানে পৌঁছান ন্যান্সি পেলোসি। তাইপেতে পেলোসির হোটেলের বাইরে বিক্ষোভ করেছেন চীনপন্থীরা। মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের মূল্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে।







