সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি আসরে খেলবে। কিন্তু নামিবিয়া পারবে না। আসরে অংশ নিতে হলে বাছাই পেরিয়ে আসতে হবে দেশটিকে। এই আসরে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সুবিধা মূলত পূর্ণ সদস্য দেশগুলোর জন্য সংরক্ষিত। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়া এখনও আইসিসির সহযোগী সদস্য দেশ। ফলে আয়োজক হয়েও তাদের বাছাইপর্বের পথ পেরোতে হবে।
২০২৭ বিশ্বকাপে মোট ১৪ দেশ অংশ নেবে। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দল নিয়ে মোট ১০ দেশ সরাসরি মূলপর্বে যাবে। বাকি ৪টি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দুটি দল অংশ নেবে। তাদের সঙ্গে যোগ দেবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর শীর্ষ চারটি দল এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা সেরা চারটি দল।
লিগ-২ থেকে বাছাইয়ে অংশ নেয়ার পথটাও বেশ কঠিন। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে নামিবিয়া। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে স্কটল্যান্ড (৩৯), নেদারল্যান্ডস (৩৮) এবং ওমান (৩১)।
সরাসরি বাছাইতে উন্নীত না হতে পারলে নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্বের প্লে-অফে। সেখানে অংশ নেবে পয়েন্ট তালিকার নিচের দিকের চারটি দেশ এবং চ্যালেঞ্জ লিগের চারটি দেশ। আট দেশের এই প্লে-অফ পর্ব থেকে সেরা চারটি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
নামিবিয়ার জন্য সমীকরণ বেশ পরিষ্কার, সহ-আয়োজক হলেও মাঠের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে তাদের। বাছাইপর্বে ব্যর্থ হলে নিজেদের দেশে গড়াতে চলা বিশ্বকাপে দর্শক হয়ে থাকার আশঙ্কা রয়েছে।
চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দেশ অংশ নেবে, ছয়টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। বাছাইপর্বের এই চক্র চলাকালীন প্রতিটি দেশ তিনটি রাউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দেশ বাছাইপর্বের প্লে-অফে উন্নীত হবে।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে যে দেশগুলো- সাউথ আফ্রিকা (আয়োজক), জিম্বাবুয়ে (সহ-আয়োজক), ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।








